স্পোর্টস রিপোর্টার: জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর হচ্ছে বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগিতা আয়োজনে এ জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)কে পাঁচ কোটি টাকা দিচ্ছে বেসরকারি এই ব্যাংক। দেশের প্রতিটি উপজেলার প্রায় ৪৮০০টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ডিসেম্বরের ২৬ তারিখ থেকে জাতীয় স্কুল টুর্নামেন্ট শুরুর উদ্যোগ নিয়েছে বাফুফের স্কুল কমিটি। এছাড়া এই প্রতিযোগিতায় কো-স্পন্সর হিসেবে এগিয়ে এসেছি আসিয়ান সিটি। তারা স্পন্সর মানি বাবত বাফুফেকে দুই কোটি টাকা দিচ্ছে। এছাড়া আরেক কো-স্পন্সর প্ল্যান বাংলাদেশ পুরো টুর্নামেন্টের জন্য ১০ হাজার ফুটবল সরবরাহ করবে। দেশের সর্ববৃহৎ ফুটবল প্রতিযোগিতায় বেভারেজ পার্টনার হিসেবে এগিয়ে এসেছে প্রাণ। তারা পুরো টুর্নামেন্টে তাদের পানি ও জুস সরবরাহ করবে।
এ উপলক্ষে গতকাল রাজধানীর হোটেল পূর্বাণীতে প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ও কো-স্পন্সরদের নিয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাফুফের স্কুল কমিটির সভাপতি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, এই প্রতিযোগিতায় দেশের সবক’টি উপজেলা থেকে প্রায় এক লাখ ক্ষুদে ফুটবলার অংশ নেবে। প্রায় ১০ হাজার ফুটবল একসঙ্গে মাঠে থাকবে- এটা একটা ইতিহাস। আগামী প্রজন্মকে সঠিক পথে নিয়ে যাওয়া ও বিপথগামিতা থেকে বাঁচাতে আমাদের এই উদ্যোগ। এটা ধরে রাখতে পারলে দেশের ফুটবলকে ১০ বছরে অন্তত এশিয়ান মানে নিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি জানান, প্রতিযোগিতা থেকে ১০০ জন প্রতিভাবান ফুটবলারকে বেছে নিয়ে তাদের অনুশীলনের ব্যবস্থা করা হবে।
এসব ছেলের অনুশীলনের জন্য সিলেটে ফুটবল একাডেমীতে পাঠানো হবে। যাদের প্রয়োজনে বিদেশে ট্রেনিংসহ ও ভাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির ব্যাপারে সহায়তা করা হবে। এখান থেকেই ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মো. আবদুজ জাহের বলেন, ‘১৬ কোটি মানুষের কাছে আমাদের পৌঁছানোর সুযোগ দেয়ায় বাফুফের স্কুল কমিটিকে গভীর কৃতজ্ঞতা জানাই। জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে এ ধরনের উদ্যোগে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্কুল কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেন, আজকের কার্যক্রমের ওপরই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। এর মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের ফুটবলে আকৃষ্ট করতে আমাদের এই প্রচেষ্টা। ফুটবলকে আরও জনপ্রিয় করা এবং সবার কাছে পৌঁছে দেয়াও আমাদের লক্ষ্য। পর্যায়ক্রমে এদের থেকে একটি বিশ্বমানের দল গঠন করতে চাই। আয়োজকরা জানান, প্রতিটি উপজেলা থেকে প্রতিযোগিতা শুরু হবে। এরপর সেরা দলগুলোকে নিয়ে জেলা ও বিভাগীয় পর্যায় হয়ে কেন্দ্রীয় পর্ব হবে। দেশের সেরা ১৪টি স্কুলকে নিয়ে হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানে বাফুফের স্কুল কমিটির সভাপতির হাতে পাঁচ কোটি টাকার চেকের রেপ্লিকা তুলে দেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুজ জাহের। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল কমিটির ডেপুটি চেয়ারম্যান শেখ মো. আসলাম, ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর, প্ল্যান বাংলাদেশের কর্মকর্তা টিএম জাহিদ হোসেন ও আসিয়ান সিটির সিইও চিত্রনায়ক রিয়াজসহ বাফুফের কর্মকর্তারা।














